আল-কোরআনে বিয়ের বয়স হিসেবে নির্দিষ্ট কোন বয়সের কথা বলা হয়নি। তবে অনেকে মাসিক শুরু হওয়াকে, আবার অনেকে ১২ থেকে ১৫ বছর বয়সকে বিয়ের বয়স হিসেবে নির্ধারণের জন্য তাদের মতামত ব্যক্ত করেছেন। বিয়ের বয়স নির্দিষ্ট করে দেয়া না হলেও আল- কোরআনের (০৪:০৬) নং আয়াতে বিয়ের বয়সের উপযুক্ততা নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধি-বিবেচনার উন্মেষের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। সাধারণ ভাবে বুদ্ধি-বিবেচনার উন্মেষ এবং দৈহিক বৃদ্ধি সাধন একে অপরের সাথে সম্পর্কযুক্ত।
সুতরাং পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে কোন ইসলামী রাষ্ট্রের সরকার যদি পুরুষ ও নারীর জন্য গ্রহণযোগ্য বিয়ের বয়স নির্ধারণ করে দেন, তাহলে রাষ্ট্রের সামগ্রিক অবস্থার কথা বিবেচনা করে বৃহত্তর স্বার্থে তা মেনে চলা যেতে পারে। আবার মাসিক শুরুর আগে মেয়েদের বিয়ে দেয়া যাবেনা- এমন নির্দেশ আল-কোরআন ও হাদিছে নেই। তাই এ বিষয়ে বাধ্যবাধকতা রাখার উপায় নেই। তবে কোন দেশের ইসলামি শাসক কর্তৃক বিয়ের বয়স নির্ধারণ করে দেয়া হলে তা লঙ্ঘনের পূর্বে যৌক্তিক কারণ দেখিয়ে পূর্বানুমতি নেয়া উচিত। তা না হলে সরকার রাষ্ট্রের আইন ভঙ্গের কারণে শাস্তি দেয়ার বা জরিমানা করার অধিকার রাখে।
